সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। একই সঙ্গে তিনি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও জনমত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।
শনিবার (৯ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’—প্রবাদটি এখন বাস্তবে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণায় মেতে উঠেছে। নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার পরও এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, কিন্তু গণভোটের রায় মানা হচ্ছে না। এটি জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা ও বিভ্রান্তি তৈরির শামিল।
উন্নয়ন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, তাদের দল উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করে না, বরং উৎসাহিত করে। তবে উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা কিংবা সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাকে অগ্রাধিকার দেওয়াকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। তার মতে, উন্নয়ন হওয়া উচিত ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে। তিনি আরও বলেন, জাতীয় ও আঞ্চলিক গুরুত্ব বিবেচনায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সবচেয়ে যৌক্তিক। এটি বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অথচ সেদিকে নজর না দিয়ে সরকার কেবল নিজেদের পছন্দসই এলাকায় সিটি করপোরেশন বা বড় ধরনের উন্নয়ন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিচ্ছে।
এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল ও সৈয়দপুর উপজেলা আমির শফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।