২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গাইবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

0
23
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গাইবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। ফিফার ঘোষণা অনুযায়ী, প্রতিটি আয়োজক দেশেই আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। এর মধ্যে কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় সঙ্গীতশিল্পী সঞ্জয়।

আগামী ১২ জুন কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের তালিকা প্রকাশ করেছে আয়োজক দেশ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকার সন্তান সঞ্জয়। যুক্তরাষ্ট্রে বড় হওয়া সঞ্জয় একজন দক্ষ সঙ্গীতশিল্পী, প্রযোজক এবং ডিজে হিসেবে আন্তর্জাতিকভাবে সমাদৃত। এই মঞ্চে তার সঙ্গে আরও দেখা যাবে মাইকেল বুবলে, নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট ও জেসি রেয়েজের মতো বিশ্ববিখ্যাত তারকাদের।

আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের মাধ্যমে বৈশ্বিক ঐক্যের বার্তা ফুটিয়ে তোলা হবে। এমনকি বিশ্বকাপ ট্রফিকেও সেখানে এক নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে, যা কানাডার বৈচিত্র্যময় জনপদ ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘টরন্টোর এই অনুষ্ঠানটি বিশ্বকাপের উন্মাদনার এক শক্তিশালী প্রতিফলন হবে।’

ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। ফুটবলপ্রেমীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার, গেম শো এবং প্রাক-ম্যাচ বিনোদনের নানা ব্যবস্থা। উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা আসরের। বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের একজন শিল্পীর অংশগ্রহণ দেশের সঙ্গীত অঙ্গনের জন্য এক বিশাল প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here