বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা কমিটি ঘোষণার ১৫ ঘণ্টা না পেরোতেই জেলা আহ্বায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক পত্রে দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।
৪৩ সদস্যের খুলনা মহানগর আহ্বায়ক কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করা হয়। অন্যদিকে, ৩০ সদস্যের খুলনা জেলা আহ্বায়ক কমিটিতে ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়েছিল।