ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন, যাদের তিনি ‘মশা’র সাথে তুলনা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অভিনেতা লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি।’
একই পোস্টে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’
তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও পোস্টের নিচে মন্তব্যে অনেক ভক্ত ও অনুসারী ইঙ্গিত করেছেন অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের দিকে।
বলা দরকার, সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।
সেই ঘটনাকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ৩ মে এক ভিডিও বার্তায় ওমর সানী জানান, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী ওই নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের অনুমতি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে মৌসুমী জানান, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তার জন্য অসম্মানজনক।
পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কিভাবে এটি সেন্সর ছাড়পত্র পেল, তা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।