রেকর্ডগড়া সেঞ্চুরিতে বেঙ্গালুরুকে শীর্ষে তুললেন কোহলি

0
1
রেকর্ডগড়া সেঞ্চুরিতে বেঙ্গালুরুকে শীর্ষে তুললেন কোহলি

চলমান আইপিএলের শুরু থেকেই ফর্মে ছিলেন বিরাট কোহলি, মাঝে কয়েক ম্যাচে খেই হারান ব্যাট হাতে। সর্বশেষ দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। সেই ব্যাকফুটে পরিস্থিতি কাটিয়ে কোহলি ফিরলেন স্বরূপে, আইপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ নবম সেঞ্চুরি পূর্ণ করে। যার সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।

রায়পুরে আগে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। তাদের পক্ষে ২১ বছর বয়সী অঙ্ক্রিশ রঘুবংশী ৪৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭১ এবং রিংকু সিং ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ৪৯ রান। বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড ও রাসিখ সালাম শিকার করেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় কোহলির জুড়ি নেই। সেই খ্যাতি ধরে রেখেই বড় রানে প্রত্যাবর্তনটা করলেন হাতের মোচড়ে। ৬০ বলে ১১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৫ রানে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। এ ছাড়া দেবদূত পাদিক্কাল ধীরগতির ৩৯ রান করলেও, জ্যাকব বেথেল, রজত পাতিদার ও টিম ডেভিডরা দ্রুত ফিরেছেন। তবুও জয় নিশ্চিতে বেগ পেতে হয়নি বেঙ্গালুরুকে। ৫ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতে তারা এখন আইপিএলের নম্বর ওয়ান টিম। ১২ ম্যাচে গুজরাট টাইটান্সের পয়েন্টও তাদের সমান ১৬, তবে রানরেটে এগিয়ে কোহলিরা।

রানতাড়ায় সাফল্য পেতে কোহলি বরাবরই সিদ্ধহস্ত। এখন পর্যন্ত আইপিএলে ভিন্ন ছয়টি দলের বিপক্ষে বেঙ্গালুরুর সর্বোচ্চ রানতাড়ায় জয় পাওয়া ম্যাচের ৫টিতেই তিনি বড় ইনিংস খেলেছেন। আইপিএলে আগে থেকেই সর্বোচ্চ সেঞ্চুরির (অস্টম) রেকর্ড ছিল সাবেক এই ভারতীয় অধিনায়কের। সেই সংখ্যাকে এবার নয়ে পরিণত করলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি করেছেন জস বাটলার। এ ছাড়া সবমিলিয়ে টি-টোয়েন্টিতে দশম সেঞ্চুরি পেলেন কোহলি। ন্যূনতম ১০টি সেঞ্চুরি আছে তিনিসহ তিন ক্রিকেটারের। ক্রিস গেইল সর্বোচ্চ ২২, বাবর আজম ১৩ এবং ডেভিড ওয়ার্নার কোহলির সমান ১০টি সেঞ্চুরি করেছেন।

কলকাতার বিপক্ষে কালকের সেঞ্চুরিটি কোহলির দ্বিতীয়, এর আগে তার একাধিক সেঞ্চুরি রয়েছে গুজরাট লায়ন্সের বিপক্ষে। কোহলি ছাড়া আইপিএলে আর কেবল বাটলারের ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে একাধিক সেঞ্চুরির নজির আছে। এ ছাড়া আইপিএলে লক্ষ্য তাড়ায় বাটলারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তৃতীয় সেঞ্চুরির রেকর্ড গড়লেন কোহলি। দুটি সেঞ্চুরি আছে আরেক ইংলিশ তারকা বেন স্টোকসের।

১০৫ রানের অপরাজিত ইনিংস খেলার পথে কোহলি টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। ইনিংসের হিসাবে যা সবচেয়ে দ্রুততম। এক্ষেত্রে কোহলির লেগেছে ৪০৯ ইনিংস। এই রেকর্ডটি এতদিন দখলে ছিল সাবেক ক্যারিবীয় অধিনায়ক ও ইউনিভার্স বস-খ্যাত গেইলের। তিনি ৪২৩তম ইনিংসে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ ছাড়া এখন পর্যন্ত আইপিএলের ১২তম আসরে ৪০০ রান পেরিয়েছেন কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার ওই কীর্তি আছে চারজনের।

এতদিন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ২১ বার ম্যাচসেরা হওয়ার রেকর্ড ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মার। এবার কোহলি ২১তম ম্যাচসেরা হয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here