ইরান ইস্যুতে অবস্থান পরিষ্কার করল চীন

0
2
ইরান ইস্যুতে অবস্থান পরিষ্কার করল চীন

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যেকার চলমান বৈঠকের মধ্যেই ইরান ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছে চীন।

শুক্রবার (১৫ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইরানের বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। খবর আল-জাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে এই সংঘাত শুরু হওয়া উচিত ছিল না। এটি ইরানের সাধারণ মানুষ ও প্রতিবেশী দেশগুলোর ওপর চরম বিপর্যয় ডেকে এনেছে।”

বিবৃতি আরো বলা হয়, “এই অস্থিরতার কারণে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।”

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে চীন বলেছে, “আলোচনার যে দ্বার উন্মোচিত হয়েছে তা যেন আর বন্ধ না হয়। শক্তি প্রয়োগ কোনো সমাধান নয়, বরং সংলাপই একমাত্র সঠিক পথ।”

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে উপসাগরীয় নৌপথগুলো ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় খুলে দেওয়া আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থায়ী স্থিতিশীলতা ফেরাতে দ্রুততম সময়ের মধ্যে একটি ব্যাপক ও টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছানো জরুরি বলে মনে করে বেইজিং।

অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি পাঁচ দফা শান্তি উদ্যোগ গ্রহণ করেছে। বিবৃতিতে জানানো হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘চার দফা প্রস্তাবনা’ অনুযায়ী বেইজিং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here