সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মো. হাসমত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নরিনা মধ্যপাড়া এলাকার একটি কমিউনিটি হাসপাতালের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মো. হাসমত ওই এলাকার মৃত শফিজ ফকিরের ছেলে।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, হাসমতের স্ত্রী ঢাকায় চাকরি করেন। তিনি দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারের কিছু জমিজমাও বিক্রি হয়ে যায়। বিভিন্ন সময় তিনি আত্মহত্যার কথাও বলতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।