নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) রোববার রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষার্থী ও ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ওইদিন রাতেই তারা ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে শিক্ষার্থীরা পুনরায় ফটকের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এ সময় বহিরাগত কিছু ব্যক্তি নতুন উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপরই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বাইরের কাউকে উপাচার্য না এনে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে অভিজ্ঞ কাউকে এ পদে নিয়োগ দেওয়া উচিত। শিক্ষক প্রতিনিধিরাও দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসছেন বলে তারা উল্লেখ করেন।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, উপাচার্য নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার সকালে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।