পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

0
3
পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

দুদকের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন এ তথ্য।

এদিন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তার আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি আরিফা জেসমিনের নামীয় মূল আয়কর নথির ২০০৮-২০০৯ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। তার মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করার জন্য সদয় আদেশ দানে মর্জি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে আনা হয়েছে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার বিবরণে বলা হয়, জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকা জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ২৫টি ব্যাংক হিসাবে তিনি ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করেছেন।

অন্যদিকে তার স্ত্রী আরিফা জেসমিনের নামে ৯ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ পাওয়া যায়। তার নামে ৩১টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here