আসন্ন ঈদ-উল-আযহার ছুটিতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


