মালয়েশিয়া কর্মী পাঠিয়ে ১১৯ কোটি আত্মসাৎ: সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার 

0
4
মালয়েশিয়া কর্মী পাঠিয়ে ১১৯ কোটি আত্মসাৎ: সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার 

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুদকের আবেদনের পর ঢাকার মহানগর দায়রা বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে নিয়োগ নিয়ে নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ আদায় করেন। এভাবে বিভিন্ন ধাপে প্রায় ১১৯ কোটি ৩২ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করে তা পাচার করা হয়।

তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ এ বিষয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি জামিনে মুক্ত থাকলে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন, তাই তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

এর আগে গত ২২ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here