লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

0
2
লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যুক্তরাজ্যের লন্ডনে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও সফল চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ ১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ৯ মে ফলো-আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। সফরকালে গত ১২ মে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. স্টিফেন হলির তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রের এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় একটি রক্তনালীতে গুরুতর ব্লকেজ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সেখানে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকদের বরাত দিয়ে বঙ্গভবন জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনারের প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। লন্ডনে অবস্থানকালেও তিনি ডিজিটাল মাধ্যমে গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here