ব্যাংকিং খাতে সরকার ‘নিজস্ব এজেন্ডা’ বাস্তবায়ন করছে: গোলাম পরওয়ার

0
3
ব্যাংকিং খাতে সরকার ‘নিজস্ব এজেন্ডা’ বাস্তবায়ন করছে: গোলাম পরওয়ার

দেশের ব্যাংকিং খাত পুনর্গঠন না করে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৩ মে) ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী ধারার কয়েকটি ব্যাংক একীভূত করার পরও আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাচ্ছেন না। গভর্নরের অযোগ্যতা ও সরকারি হস্তক্ষেপের কারণে ব্যাংকিং কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

পরওয়ার বলেন, সরকার সংকট সমাধানের পরিবর্তে বিভিন্ন ব্যাংকে দলীয় লোক বসিয়ে আর্থিক শৃঙ্খলা নষ্ট করছে। এতে গ্রাহকদের মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে এবং পুরো খাত আরও ঝুঁকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, দেশে অনেক ব্যাংক তারল্য সংকটে ভুগছে, খেলাপি ঋণ বাড়ছে এবং কিছু ব্যাংক লভ্যাংশ দিতেও ব্যর্থ হচ্ছে—যা সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগজনক।

ইসলামী ব্যাংক নিয়েও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণে সরকারি হস্তক্ষেপের নিন্দা জানান তিনি। এর ফলে বিনিয়োগ কমে যাচ্ছে এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলেও দাবি করেন।

তিনি গভর্নর পদে পেশাদার ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ, ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে সরকারি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।

এ ছাড়া ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি।

পরওয়ার বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত না হলে দেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়বে এবং এর দায় সরকারকেই নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here