নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ফল ব্যবসায়ী রনি মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রনি মিয়া সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ থানার গিলাচড়া গ্রামের আয়েত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকায় দায়েন মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে ভোরে রনি মিয়া রূপগঞ্জের ভুলতা গাউছিয়া ফলের আড়তে ফল কিনতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে তারাবো উত্তরপাড়ার মফিজুল ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার পথরোধ করে হামলা চালায়।
হামলাকারীরা রাম দা, চাপাতি, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা রনি মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। হামলায় তার দুই হাত, মাথা ও গলায় মারাত্মক আঘাত লাগে।
এসময় হামলাকারীরা রনি মিয়ার সঙ্গে থাকা ফল কেনার নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। রনি মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাজধানীর মোহাম্মদপুর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার দুপুরে তিনি মারা যান।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুরে হাসপাতালের সামনে নিহতের স্ত্রী রাশিদা বেগম বারবার কান্নায় ভেঙে পড়েন এবং মূর্ছা যান। তিনি বলেন,আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার এক ছেলে ও এক মেয়ে এখন এতিম হয়ে গেল। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটাকেই তারা মেরে ফেলেছে। এখন সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে?
এ ঘটনায় নিহত রনি মিয়ার বড় বোন নাছরিন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২৩), সিয়াম (২৪), শরিফ মিয়া (৩০), সূর্য (১৯), জিসান মিয়া (২১), শ্রাবণ মিয়া (২৫) ও জয় আহমেদ (২৯)-এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ফল ব্যবসায়ী রনি মিয়ার মৃত্যুর ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।