বন্ধ কারখানা সচল করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৩ মে) এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ প্যাকেজ ঘোষণা করেন। তিনি জানান, এর মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে বিতরণ করবে। বাকি ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন হিসেবে দেবে বাংলাদেশ ব্যাংক। উভয় ক্ষেত্রেই সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে।
গভর্নর বলেন, ব্যাংক খাত বর্তমানে বড় ধরনের সংকটে রয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ অনিয়মের মাধ্যমে বেরিয়ে গেছে। এসব অর্থ ফেরত আনতে সময় লাগলেও সরকার তা পুনরুদ্ধারে কাজ করছে।
এই প্রণোদনার আওতায় বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া পুনঃঅর্থায়ন তহবিল থেকে রপ্তানি খাত, ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া শিল্প, গ্রামীণ অর্থনীতি, মৎস্য খাত, পরিবেশবান্ধব বিনিয়োগ, স্টার্টআপ ও সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন খাতে অর্থায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, উৎপাদনশীলতা বাড়িয়ে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্যাকেজের মূল উদ্দেশ্য।