মিরপুরে কালসী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ’ টিনশেড ঘর ও দোকানপাট।
গতকাল সোমবার রাতে লাগা এই আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বস্তিবাসীর। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, সোমবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যে ছাইয়ে পরিণত হয় কয়েকশ’ পরিবারের স্বপ্ন। পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত নাশকতা তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ক্ষতিগ্রস্তরা জানান, বস্তিটিতে প্রায় এক হাজারের বেশি ঘর ও দোকান ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় চারপাশের কিছু ঘরবাড়ি রক্ষা পেলেও সিংহভাগই এখন ধ্বংসস্তূপ।
আগুনের বিষয়ে রাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা লে. কর্নেল আজাদ আনোয়ারবলেছিলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।


