ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার দিকে সলঙ্গা থানার র্যাব-১২ অফিস সংলগ্ন চড়িয়া কান্দিপাড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজিচালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র্যাব-১২ অফিসের পাশের চড়িয়া কান্দিপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিএনজিটি জব্দ করেছে পুলিশ।