রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।
মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন রাজধানীকে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরবানির পরপরই পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে নামবেন এবং নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে দ্রুত বর্জ্য পরিষ্কার এবং পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।