চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ পিএসজি-আর্সেনাল মহারণ

0
2
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ পিএসজি-আর্সেনাল মহারণ

ফুটবল বিশ্বের কোটি ভক্তের চোখ আজ হাঙ্গেরির বুদাপেস্টে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত ফাইনালে আজ শনিবার (৩০ মে) রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই হেভিওয়েট ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং আর্সেনাল।

বুদাপেস্টের বিখ্যাত পুস্কাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ। একদিকে ফরাসি জায়ান্ট পিএসজির ট্রফি ধরে রাখার মিশন, অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জিতে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর লড়াই।

অনেক চড়াই-উতরাই আর মহাতারকাদের আগমন-প্রস্থানের পরও ইউরোপের শীর্ষ ট্রফিটি ছোঁয়া হয়নি আর্সেনালের। দীর্ঘ ২০ বছর পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে গানাররা। ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপীয় রাজত্ব কায়েম করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ মিকেল আর্তেতার শিষ্যরা। তবে পথটা যে মোটেও সহজ হবে না, তা ভালো করেই জানা আছে ইংলিশ ক্লাবটির; কারণ সামনে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মাঠে নামছে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার অবিচল লক্ষ্য নিয়ে। ম্যাচের আগে প্রতিপক্ষ আর্সেনালকে সমীহ করতে ভুল করেননি পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি আর্সেনালকে এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা রক্ষণাত্মক দল হিসেবে প্রশংসা করেছেন। তবে প্রতিপক্ষের রক্ষণ যতই শক্ত হোক না কেন, চলতি মৌসুমে নিজেদের বিধ্বংসী আক্রমণভাগের ওপর পূর্ণ আস্থা রাখছেন এনরিকে।

লড়াইটা যখন আর্তেতার নিখুঁত ট্যাকটিকস আর এনরিকের আক্রমণাত্মক কৌশলের, তখন বুদাপেস্টের মাঠে একটি রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here