কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচ মার্কিন নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দুটি অত্যাধুনিক ও ব্যয়বহুল ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইরানের নিক্ষেপ করা ‘ফাতেহ-১১০’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিমানঘাঁটির ওপর পড়ে গেলে সেখানে অবস্থানরত মার্কিন কর্মীরা আহত হন এবং দুটি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়।
এতে আরও বলা হয়, ধ্বংসাবশেষের আঘাতে আহত পাঁচজনের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সেনাসদস্যরা রয়েছেন।
এদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। ধ্বংস হওয়া একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার, আর অপরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান উত্তেজনায় এখন পর্যন্ত ১৪ জন মার্কিন নাগরিক নিহত এবং ৪০৯ জন আহত হয়েছেন।
এদিকে এপ্রিল থেকে ইরান ও মার্কিন নেতৃত্বাধীন জোটের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, মাঝেমধ্যেই দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতির মধ্যেই এই সর্বশেষ হামলার ঘটনা ঘটল।