সাম্প্রতিক সংসদীয় নির্বাচন উপলক্ষে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটির সরকার জানিয়েছে, সাধারণ ক্ষমার অংশ হিসেবে আগামী জুনের শুরুতে ৯ হাজার ৯৫০ জন বন্দি কারাগার থেকে মুক্তি পাবেন। তাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
শনিবার (৩০ মে) এক সংবাদ সম্মেলনে ভিয়েতনামের জননিরাপত্তা উপমন্ত্রী লে ভ্যান তুয়েন বলেন, আসন্ন সাধারণ ক্ষমা দেশটির কমিউনিস্ট পার্টির পঞ্চবার্ষিক কংগ্রেস ও জাতীয় পরিষদ নির্বাচনের সাফল্যকে চিহ্নিত করবে।
ভিয়েতনামের পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লামের স্বাক্ষরিত এক নথিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিশেষ দিবস, জাতীয় উদ্যাপন কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে সাধারণ ক্ষমা ঘোষণা ভিয়েতনামে নতুন নয়। গত বছর সাইগনের পতনের ৫০ বছর পূর্তি এবং স্বাধীনতা ঘোষণার ৮০ বছর উদ্যাপন উপলক্ষে ২২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল, যা ছিল দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ সংখ্যক বন্দি মুক্তির ঘটনা।
সরকারি তথ্য অনুযায়ী, এবার মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ৬৩ জন বিদেশি রয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং সাতজন নারী। তবে তারা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভিয়েতনামের আইন অনুযায়ী, রাষ্ট্র উৎখাতের চেষ্টা, সন্ত্রাসবাদসহ কিছু নির্দিষ্ট অপরাধে দণ্ডিত ব্যক্তিরা সাধারণ ক্ষমার আওতায় মুক্তির সুযোগ পান না।
জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে বিভিন্ন সময়ে নির্ধারিত মেয়াদের আগেই প্রায় ১ লাখ ১৮ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন কারাগারে ১ লাখ ৯০ হাজারের বেশি বন্দি সাজা ভোগ করছেন।