খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতে ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহতের পরিচিত ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।