বর্বর ইসরাইল দখলকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গভীর রাতে এই হামলা চালানো হয়, যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।
অনলাইন সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পরপরই উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে একটি পরিবারের সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিও ছিলেন। ধ্বংসস্তূপ এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে উদ্ধারকর্মীরা আহতদের বের করে স্থানীয় হাসপাতালে পাঠান।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে যে, চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের দাবি, গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনী ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে।
মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যদিও এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু গভীর রাতে বিস্ফোরণের বিকট শব্দ, আগুনের লেলিহান শিখা এবং ভবন ধসে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
তবে সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি ইসরাইল কর্তৃপক্ষ।