এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফিরে এলো ফেরি

0
2
এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফিরে এলো ফেরি

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে এনেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ। নির্ধারিত সময়ের ২৩ মিনিট পর ফেরিটি আবার পূর্বের ঘাটে ফিরিয়ে এনে এমপি ও তার নেতাকর্মীদের তুলে নেওয়া হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে একজন ভিআইপির জন্য মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনায় চরম দুর্ভোগ ও ক্ষোভের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (১১ জুলাই) বিকালের দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটের মধ্যবর্তী নদীতে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি ‘মহানন্দা’। প্রায় ২৩ মিনিট চলার পর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। ঠিক ওই সময়েই ঢাকা থেকে ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি ও তার সঙ্গে থাকা বিপুল সংখ্যক নেতাকর্মী ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেরির মাস্টার প্রথমে তাকে জানিয়েছিলেন ফেরি ছাড়বে না, পরে আবার জানান বিকাল সাড়ে ৩টায় ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা তিনি আগে দেখেননি।

নাম প্রকাশে অনাগ্রহী ফেরির এক সাধারণ যাত্রী বলেন, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ তারা দেখেন ফেরিটি ঘুরে আবার ঘাটের দিকে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখা যায় এমপি ও তার লোকজন ফেরিতে উঠছেন। একদিকে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীরা ভয়ের মধ্যে নদী পাড়ি দিচ্ছেন, আর অন্যদিকে এমপি সাধারণ মানুষের দুর্ভোগের কথা না ভেবে ক্ষমতার দাপট দেখালেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। তিনি আরও উল্লেখ করেন, ভিআইপিদের ক্ষেত্রে তাদের কিছু নিয়ম অনুসরণ করতে হয়। তবে ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীনের ভাষ্য কিছুটা ভিন্ন। তিনি জানান, তিনি এত কিছু জানেন না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার তাকে জানান যে ঘাটে এমপি এসেছেন এবং ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে তারা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন— সাধারণ যাত্রী ও জরুরি পণ্যবাহী যানবাহন নিয়ে মাঝনদীতে চলে যাওয়া একটি ফেরি একজন ভিআইপির জন্য মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক ও আইনসম্মত?

এই বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here