ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সর্বশেষ তথ্যানুযায়ী আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাদের সামনে অবস্থান নেয় পুলিশ। দুই পক্ষের অবস্থানকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের এক পাশে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আসেন।
পরে বেলা সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।