শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালে তীব্র যানজটের মধ্যে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ৪ নম্বর রুটের একটি সিটি বাস লেন পরিবর্তনের চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। চালক গাড়ির ভেতরে আটকে পড়লে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দীর্ঘ চেষ্টার পর তাকে বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মরিয়ম জাহান বলেন, শিক্ষার্থীদের মিছিলের কারণে সড়কে দীর্ঘ যানজট ছিল। ওই সময় দ্রুত লেন পরিবর্তন করতে গিয়ে বাসটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন।
এর আগে দুপুর ২টা থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরের ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে ২ নম্বর গেটসহ আশপাশের সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়েপড়ে।