ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শেষ হয়েছে।
বুধবার (১৫ জুলাই) অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
গত ৭ জুন শুরু হওয়া বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন মোট ২৬ কার্যদিবস ধরে অনুষ্ঠিত হয়। এ সময়ে বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস, যার মোট স্থায়িত্ব ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট। আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধির আওতায় ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়।
কার্যপ্রণালী-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
অধিবেশনের সমাপনীতে ডেপুটি স্পিকার দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।