উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে রাজধানীর পাশের মোহাম্মদিয়া জেলার একটি এতিমখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বেসামরিক সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জন মাঝারি থেকে গুরুতর দগ্ধ হয়েছেন। এছাড়া উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে আগুনের উৎস ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এদিকে গত কয়েক সপ্তাহ ধরে আলজেরিয়াজুড়ে তীব্র তাপদাহ বিরাজ করছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, গত ৮ জুলাই থেকে দেশজুড়ে ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।