কানাডাজুড়ে জ্বলছে ৮৫০ দাবানল, টরন্টোতে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস

0
1
কানাডাজুড়ে জ্বলছে ৮৫০ দাবানল, টরন্টোতে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস

কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে বর্তমানে ৮৫০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে বলে নিশ্চিত করেছে কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম। দাবানলের তীব্র ধোঁয়ায় শুধু কানাডাই নয়, অবরূদ্ধ হয়ে পড়েছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের একাংশও।

শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, দাবানলের প্রভাবে কানাডার বৃহত্তম শহর টরন্টোর বাতাস বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসে পরিণত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে টরন্টো ও দক্ষিণ অন্টারিওর একটি বড় অংশে ‘কোড অরেঞ্জ’ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

বিষাক্ত ধোঁয়া ফুসফুস ও রক্তে প্রবেশ করে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হাঁপানির ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেওয়ায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপাঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরো বহু মানুষকে সরিয়ে নেওয়ার জন্য নজরদারিতে রাখা হয়েছে। বজ্রপাতের কারণে শুকিয়ে যাওয়া গাছে আগুন লেগে ও মানুষের অসচেতনতার কারণে সৃষ্ট এই ভয়াবহ অগ্নিকাণ্ড বিশেষ করে উত্তর অন্টারিওতে মারাত্মক রূপ নিয়েছে, যেখানে ১৩৬টি দাবানল জ্বলছে।

বৃহস্পতিবারের (১৬ জুলাই) সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে অন্টারিওতে দাবানলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩টিতে, যা ২০২৫ সালের ৩৫১টির তুলনায় উল্লেখযোগ্য পরিমানে বেশি। পরিস্থিতির আরো অবনতি হলে দ্রুত উদ্ধারকাজের সুবিধার্থে প্রাদেশিক সরকার অটোয়াকে (কেন্দ্রীয় সরকারকে) বিমান প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, কানাডার এই দাবানলের প্রভাব সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে। ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাতাসের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের চারজন রিপাবলিকান সদস্য। তারা দাবানল প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে কানাডার ফেডারেল ও প্রাদেশিক সরকারের তীব্র সমালোচনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে ক্ষুব্ধ এই মার্কিন রাজনীতিকরা লিখেছেন, দাবানল নিয়ন্ত্রণে আরো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ দেখবে ও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করবে’।

চিঠিতে তারা উল্লেখ করেন, দাবানলের ধোঁয়া নিয়ে কানাডা সরকারের কাছে এটি তাদের টানা তৃতীয় বছরের মতো আনুষ্ঠানিক অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here