ইউরোপের দেশ বেলজিয়ামে তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে গত ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।
দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট ‘সিয়েনসানো’ জানিয়েছে, অসহনীয় তাপমাত্রা এবং বাতাসে ওজনের উচ্চ ঘনত্বের প্রভাবে দেশটিতে মৃত্যুহার স্বাভাবিকের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই ১৫ দিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে। সংস্থাটি ২০০০ সাল থেকে তাপপ্রবাহ জনিত মৃত্যুর রেকর্ড সংরক্ষণ করে আসছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত চলমান এই তাপপ্রবাহটি ২০০০ সালের পর বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী হিসেবে চিহ্নিত হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় এ বছরই প্রথম এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হলো। ভৌগোলিক তথ্যানুযায়ী, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরেই রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।