মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের লড়াই: মেসির সামনে ১১ রেকর্ডের হাতছানি

0
2
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের লড়াই: মেসির সামনে ১১ রেকর্ডের হাতছানি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রবিবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচটি কেবল দুই পরাশক্তির শিরোপার লড়াই-ই নয়, বরং বিশ্বফুটবলের মহানায়ক লিওনেল মেসির সামনে দাঁড়িয়ে আছে ব্যক্তিগত ১১টি ঐতিহাসিক রেকর্ডের মহাকাব্যিক হাতছানি। ফাইনালে পা রাখা থেকে শুরু করে গোল করা কিংবা ট্রফি উঁচিয়ে ধরা—সবখানেই নতুন ইতিহাস লেখার অপেক্ষায় আছেন এই আর্জেন্টাইন জাদুকর।

ফাইনালে নামলেই যে রেকর্ড গড়বেন মেসি

ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। গোলরক্ষক বাদে কোনো আউটফিল্ড খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফাইনালিস্ট হওয়ার অনন্য রেকর্ড গড়বেন তিনি। এর আগে ১৯৮২ সালে ইতালির গোলরক্ষক দিনো জফ ৪০ বছর ১৩৩ দিনে ফাইনাল খেলেছিলেন। এছাড়া ২০১৪ ও ২০২২ সালের পর এটি মেসির তৃতীয় ফাইনাল, যা তাকে ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজাত তালিকায় যুক্ত করবে। একই সাথে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার ইতিহাসও গড়বেন তিনি।

অধিনায়কত্ব ও গোলদাতার রেকর্ডের হাতছানি

আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসি হবেন ফুটবল ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি দুবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার কীর্তি গড়বেন। স্পেনের বিপক্ষে গোল পেলে তিনি ১৯৫৮ সালের নিলস লিডহোমের (৩৫ বছর ২৬৪ দিন) রেকর্ড ভেঙে ফাইনালের সবচেয়ে বয়স্ক গোলদাতার মুকুট পরবেন। এছাড়া গোল পেলে ১৯৩০ সালের গিয়ের্মো স্তাবিলের ৮ গোলের রেকর্ড ভেঙে আর্জেন্টিনার হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার একক মালিক হবেন তিনি। গোল করার মাধ্যমে তিনি ষষ্ঠ খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার নজিরও স্থাপন করবেন।

মাইলফলক ও হ্যাটট্রিকের সুযোগ

ফাইনালে জোড়া গোল করলে মেসি জাস্ট ফনটেইন, স্যান্ডর কোসিস ও গার্ড মুলারের মতো কিংবদন্তিদের তালিকায় নাম লেখাবেন। একই সাথে ফাইনালে জোড়া গোল পেলে তিনি কিলিয়ান এমবাপ্পের ফাইনালের ৪ গোলের রেকর্ড স্পর্শ করবেন এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ ৯ গোল করার অনন্য রেকর্ড গড়বেন। আর যদি ফাইনালে হ্যাটট্রিক করতে পারেন, তবে জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের অবিশ্বাস্য কীর্তি গড়বেন এলএমটেন।

সবচেয়ে বয়স্ক টানা দুবারের বিশ্বজয়ী

আর্জেন্টিনা যদি ফাইনালে স্পেনকে হারাতে পারে, তবে ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। সেই সাথে মেসি হবেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার যিনি টানা দুবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এর মাধ্যমে তিনি ১৯৬২ সালে ব্রাজিলের নীল্টন সান্তোসের (৩৭ বছর) রেকর্ডকে পেছনে ফেলে দেবেন।

আত্মবিশ্বাসী আলবিসেলেস্ত শিবির

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও এনজো ফার্নান্দেজ ও ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানের মহাকাব্যিক জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পুরো দল মানসিকভাবে দারুণ চাঙ্গা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অনুশীলনের ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে, ‘আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here