মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে ৭.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময়ে সংঘটিত এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলের কাছাকাছি এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে এর প্রভাব প্রতিবেশী দেশ গুয়েতেমালা এবং এল সালভাদরেও অনুভূত হয়েছে। শক্তিশালী এই কম্পনের ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। সতর্কতা অনুযায়ী, মেক্সিকো ও গুয়েতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হয়েছে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রের পানির উচ্চতা সীমিত আকারে বাড়তে পারে, তাই উপকূলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গুয়েতেমালার বিভিন্ন অঞ্চলে ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে এবং কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য বা প্রাণহানির কোনো সংবাদ পাওয়া যায়নি।