মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম (৪৪) কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া থেকে তাকে আটক করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২৮ আগস্ট এই ঘটনায় আহত শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত তা আমলে নিয়ে সদর থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১২) এর বিভিন্ন ধারায় নথিভুক্ত হয়।
র্যাব-১২ এর সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, পলাতক আসামি মফিজুল ইসলামকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গার হাসপাতাল পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মেহেরপুরে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। ওই সময় ছাত্রলীগের ৫০-৬০ জন নেতাকর্মী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

