গাজায় প্রবেশের পর ত্রাণবহরের ওপর সহিংস লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবারের এ ঘটনায় ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহর থেকে ৯৮টি ট্রাক লুট হয়ে গেছে।
জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ১৩ মাসের যুদ্ধে এটি গাজায় ত্রাণ লুটপাটের সবচেয়ে গুরুতর ঘটনা।
ইউএনআরডব্লিউএ-এর ঊর্ধ্বতন জরুরি ত্রাণ কর্মকর্তা লুইস ওয়াটারিজ জানান, ওই ট্রাকগুলোতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সরবরাহ করা খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী ছিল। ইসরায়েলের নির্দেশে কেরেম শালোম সীমান্ত থেকে অপ্রচলিত একটি পথ ধরে ত্রাণবহরটি যাওয়ার সময় লুটপাট হয়।
লুইস ওয়াটারিজ বলেন, “এ ঘটনা গাজার দক্ষিণ ও মধ্য অঞ্চলে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। লুটপাটের সময় আহত হওয়ার ঘটনাও ঘটেছে।”
গাজায় ত্রাণসামগ্রীর ওপর নির্ভরশীল প্রায় ২০ লক্ষাধিক মানুষ রয়েছে। ওয়াটারিজ সতর্ক করেন যে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দিতে পারে, যা বিপন্ন করবে লক্ষাধিক মানুষের জীবন।

