ঢাকায় পাচারের সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি মিনি ট্রাক থেকে ৫২০ মণ জাটকা ইলিশ ও আড়াই মণ শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভোলা সদর উপজেলায় কয়েকটি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ জাটকা আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় অভিযানে আলীনগর মাদরাসা বাজার, হোমিও কলেজ মোড় ও ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তিনটি মিনি ট্রাকসহ ৫২০ মণ জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ আটক করা হয়েছে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দ জাটকা স্থানীয় গরিব, দুস্থ ও এতিমখানায় দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক হওয়া শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযানে জাটকা বহনকারী তিনটি ট্রাককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

