শিশুদের ঝগড়ার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এমদাদুল হক নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নরসিংদী শহরের নাগরিয়াকান্দীতে।

0
82
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরে শিশুদের ঝগড়ার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরো এক জন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম জুনায়েদ হাসান (২৫)। নাগরিয়াকান্দী এলাকার মো. জালাল উদ্দীনের ছেলে তিনি। এছাড়া আহত ব্যক্তির নাম মাসুম মোল্লা। তিনি একই এলাকার সামসু মোল্লার ছেলে।

হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার বিকেল ৬টার দিকে নাগরিয়া কান্দী এলাকায় মাসুম মোল্লা ও হায়দার মিয়ার দুই ছেলে খেলা করছিল। দুই শিশুই খেলার সময় ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মাসুম ও হায়দার ঘটনাস্থলে এসে নিজেরাও তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হায়দার পড়ে থাকা একটি লাঠি দিয়ে মাসুমের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাসুমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাত ৯টার দিকে বাড়ি নেওয়া হচ্ছিল তাকে। পৌর এলাকার কাউরিয়া ঈদগাহ এলাকা অতিক্রমের সময় আগেই ওত পেতে থাকা হায়দার পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মাসুমের ওপর পুনরায় হামলা চালায়। এতে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। পুনরায় নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। এদিকে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মাসুমের সঙ্গে থাকা ব্যক্তিরা দৌড়ে গিয়ে জুনায়েদ হাসান নামে একজনকে ধরে ফেলেন। ওই সময় তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কা অবস্থায় রাজধানীতে চিকিৎসার জন্য নেওয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here