ভারতে পদদলিত হয়ে নিহত ৭, আহত ৪০

শনিবার (৩ মে) ভোরে শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসবে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

0
61

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার একটি মন্দিরে উৎসব চলাকালে হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ৪০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।। খবর, হিন্দুস্তান টাইমসের।

শনিবার (৩ মে) ভোরে শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসবে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে ভক্তরা বার্ষিক উৎসবে শিরগাঁও মন্দিরে জড়ো হয়েছিলেন। বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। একে অপরকে ধাক্কা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয় এবং পায়ের নিচে চাপা পড়ে হতাহত হন অনেকে। ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার পর নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রমোদ সাওয়ান্ত লেখেন, আজ সকালে শিরগাঁওয়ের লাইরাই যাত্রায় মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের সঙ্গে দেখা করতে আমি হাসপাতালে গিয়েছিলাম এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছি। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেছেন, এই কঠিন সময়ে তার পূর্ণ সমর্থন প্রদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here