চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের ৬২ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ রবিবারও অব্যাহত রয়েছে। আজ দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ চলমান।
আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রা বিভাগ জানায়, বেলা ৩টার দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে।
পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় শুধু চাঁদপুরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, সোমবার ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
গত বুধবার তাপপ্রবাহ শুরু হয়। তা দেশের ৬৪ জেলার মধ্যে ৬২টিতে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার গত ২০ বছরের মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল। একই সময় চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠে ৪২ ডিগ্রি সেলসিয়াসে; যা ছিল দেশে মে মাস হিসেবে সর্বোচ্চ তাপমাত্রা।আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি।

