একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল-পিএসএল

0
73
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্য সংঘাতের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে।

এ বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক সপ্তাহের জন্য গত ৯ মে স্থগিত হয় আইপিএলের বাকি অংশ। পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ব্যাঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ৬ ভেন্যুতে লিগ পর্বের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্লে-অফের চার ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হলেও সূচি নিশ্চিত করেছে বিসিসিআই। প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার পহেলা জুন এবং ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হবে।

গত ৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস চলাকালীন স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো বিকল হয়ে যায়। এরপর ম্যাচটি পরিত্যক্ত হয়। নতুন সূচি অনুযায়ী ওই ম্যাচটি ২৪ মে জয়পুরে নতুনভাবে অনুষ্ঠিত হবে।

১৭ মে পুনরায় শুরু হওয়া আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার পর পুনরায় আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’ আইপিএল শেষ হবে ৩ জুন।

ভারতের সাথে সংঘাতে কারণে গত ৮ মে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে পরবর্তীতে আইপিএলের মতো পিএসএলও স্থগিত করে দেওয়া হয়।

পুনরায় আগামী ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পিএসএলের সূচি বা ভেন্যু জানায়নি পিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পিএসএল পুনরায় শুরু এবং ফাইনালের তারিখ নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

তিনি লিখেছেন, ‘পিএসএলের দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। ছয় দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হবে। ১৭ মে থেকে শুরু হবে আসর। গ্র্যান্ড ফাইনাল হবে ২৫ মে। সব দলের জন্য শুভকামনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here