গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বাটাগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনজু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় টঙ্গীর বাটাগেট ফ্লাইওভারের ওপর এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রনজুর বাড়ি পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায়। তিনি টঙ্গীর সাতাইশ এলাকার নাজমা সিকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান।
তিনি জানান, রনজু ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বাটাগেট ফ্লাইওভারে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইয়ের সময় রনজু বাধা দিলে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরোও বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ছিনতাইকারীদের ধরতে অভিযান চলমান।

