শেরপুরের নালিতাবাড়ীতে একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে বন বিভাগের সহায়তায় অজগর সাপটিকে মধুটিলা ইকোপার্ক এলাকায় গহীন অরণ্যে ছেড়ে দেয়া হয়।
এর আগে, একইদিন সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারের একটি মিষ্টির দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, উপজেলার ধোবাকুড়া বাজারে একটি মিষ্টির দোকানের পেছনে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ দেখতে পেয়ে বনবিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি সাপটিকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ধোবাকুড়া বাজারের ওই মিষ্টির দোকানে অজগর সাপটি ঘোরাফেরা করছে। পরে বনবিভাগকে খবর দিলে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, এটি একটি বিরল প্রজাতির বার্মিজ পাইথন জাতের সাপ। ৫ ফুট লম্বা মাঝারি আকৃতির অজগর সাপটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ প্রজাতির সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে মধুটিলা রেঞ্জ এলাকায় একটি গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
এর আগে, গত শনিবার (১৭ মে) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের ধানক্ষেত থেকে একই প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করে। পরে ওই সাপটিকে গজনী রেঞ্জের গহীন পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়।

