গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় পোশাক শ্রমিক আত্মহত্যার ঘটনার জের ধরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক সময় কারখানা ভাঙচুরের চেষ্টাও করেন তারা।
মঙ্গলবার (৩ জুন) সকালে শ্রমিকদের এই বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জিন্নত টেক্সটাইল কারখানার এক শ্রমিক পারিবারিক কলহের জের ধরে সোমবার ভবন থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে। পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়ার এক পর্যায়ে ওই আত্মহত্যার ঘটনার জের ধরে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা কারখানা ভাঙচুর করার চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে যায়। পরে বাধ্য হয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দৌড়াদৌড়ি করার সময় কিছু শ্রমিক আহত হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এক শ্রমিকের আত্মহত্যার জের ধরে অন্যান্য শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করে। পরে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

