বিশ্বকাপ বাছাইপর্বে নামার আগেই ইতালি শিবিরে বড় ধাক্কা

0
87
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গত দুই আসরে খেলার সুযোগ না পাওয়া ইতালি নতুন টুর্নামেন্টের বাছাইপর্বে নামার আগে খেল বড় ধাক্কা। ছন্দে থাকা মোইজে কিনকে সামনের দুই ম্যাচে পাবে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের সঙ্গে অনুশীলন করার সময় ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করেন কিন। ব্যথার তীব্রতা বাড়তে থাকায় বৃহস্পতিবার ক্যাম্প ছেড়ে নিজের ক্লাবে চলে যান ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

ফিওরেন্তিনার হয়ে সেরি আর সবশেষ মৌসুমে ১৯ গোল করেছিলেন কিন। গত মার্চে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে দুই লেগেই শুরুর একাদশে খেলেন তিনি, ফিরতি লেগে করেন দুই গোল। কিনের বদলি হিসেবে এবারের সেরি আর আলো ছড়ানো মাতেও রেতেগিকে নিতে পারে ইতালি। আতালান্তার হয়ে লিগে ৩৬ ম্যাচ খেলে আসরের সর্বোচ্চ ২৫ গোল করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

ইতালির দল থেকে এর আগে চোটের কারণে ছিটকে যান মিডফিল্ডার মানুয়েল লোকাটেলি ও ডিফেন্ডার মাতেও গাবিয়া। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে শুক্রবার রাতে নরওয়ের মুখোমুখি হবে ইতালি। সোমবার রাতে ঘরের মাঠে মলদোভাকে স্বাগত জানাবে তারা। ‘আই’ গ্রুপে এরই মধ্যে দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে ইতালি ছাড়া বাকি চার দল। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here