জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দুলু

0
61

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্ররক্ষায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বেসরকারি শিক্ষকদের জন্যও জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্ব প্রথম শিক্ষকদের ৪০ ভাগ বেতন দেওয়া শুরু করে। তিনিই পরে ৫০ ভাগ বেতন চালু করেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া আশি ভাগ এবং ২০০৬ সালে নির্বাচিত হওয়ার পর শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন চালু করেন। তিনিই নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের উপবৃত্তি চালু করেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে সিপাহী বিপ্লব, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের পক্ষের সকল আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ মুজিব ৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানীদের কাছে আত্মসমর্পণ করলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীণ রাষ্ট্র উপহার দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেয়।

তিনি বলেন, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার বহু দলীয় গনতন্ত্র চালু করেন। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম জিয়া নেতৃত্ব দেন। ২০২৪ সালের বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের মানুষের মনে একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা তৈরি হয়েছিল, একটি মহলের ষড়যন্ত্রে তা যখন হতাশায় পরিণত হয়, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সেই অনিশ্চতায় কাটিয়ে তুলে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

শিক্ষক সমাবেশে দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফায় পরিষ্কারভাবে বলেছেন, আগামী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতনভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাখাত সরকারিকরণ করা হবে।

মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হয়বতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, শিক্ষক নেতা সংগঠনের নেতা ও প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেজাউল করিম, আব্দুল মতিন, ইউসুফ আলী, শামসুন নাহার রেখা, আব্দুল হাকিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here