‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ শ্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমনি-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহীন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা যাকারিয়া আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী মামুনুর রহমান প্রমুখ। বক্তারা, প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।
পরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানমালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন।

