ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

0
67

রাজধানীর মতিঝিলে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসসহ নগদ ৮৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) এবং রবিউল ইসলাম জুয়েল (৪২)।

সোমবার (৩০ জুন) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর থেকে স্কুটিতে করে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪)। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ৬-৭ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি ডিবি লেখা হাইয়েস মাইক্রোবাসে তাদের জোর করে তুলে নেয়।

পরে খলিল ও রিফাতকে মারধর ও অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়। হাত-পা বেঁধে তাদের সাইনবোর্ড এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী পুলিশের অভিযানে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার শামিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়ি, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মিজানের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও ছিনতাইয়ের লুণ্ঠিত বাকি টাকা ও পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here