শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এসময় ধরতে যাওয়া এক কিশোরকে সাপটি কামড় দেয়। খবর পেয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের প্রতিনিধি ও বনবিভাগের সহযোগিতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও এলাকার একটি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। একইসাথে সাপের কামড়ে আহত কিশোরকে উপজেলার বারোমারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কিশোর নাম মো. রাকিব মিয়া (১৪)। সে উপজেলার পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের ছেলে।
বন বিভাগ ও এলাকাবাসী জানায়, পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের বাড়িতে আম গাছে মঙ্গলবার সকালে সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন। এসময় গাছে নিচে জালপেতে সাপটিকে লাঠি দিয়ে খোঁচিয়ে নিচে ফেলা হয়। পরে জাল থেকে বস্তা বন্দির সময় সাপটি রাকিবকে কামড়ে দেয়। পরে দ্রুত রাকিবকে বারামারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে মধুটিলা রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে বিকেলে অজগরটি বনে অবমুক্ত করে।
বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, গারো পাহাড় থেকে সাপটি একটি গাছে আশ্রয় নিয়েছিল। পরে ধরতে গিয়ে সাপটি একজনকে কামড়ে দিয়েছে। উদ্ধারের পর বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, সাপটির দৈর্ঘ্য ছিল ৮১ ইঞ্চি। আর ব্যাস ১১ ইঞ্চি। তারমধ্যে লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২শ গ্রাম। সাপটি মূলত বার্মিজ পাইথন প্রজাতির।

