চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পঞ্চগড়ে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, পঞ্চগড়ের বোদা উপজেলার চারটি এবং তেঁতুলিয়া উপজেলার ১ টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী দাখিল মাদরাসা, মুসলিমপুর দাখিল মাদরাসা, কুড়ালীপাড়া নাসরুল উলুম সিদ্দীকিয়া বালিকা দাখিল মাদরাসা, ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদরাসা।

জানাগেছে, ময়দানদিঘী দাখিল মাদরাসা থেকে ২৪ জন, মুসলিমপুর দাখিল মাদরাসা থেকে ১০ জন, কুড়ালীপাড়া নাসরুল উলুম সিদ্দীকিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ৪ জনের মধ্যে ৩ জন, ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসা থেকে ১৬ জনের মধ্য ৮ জন পরীক্ষায় অংশ নেয়।
ময়দানদিঘী দাখিল মাদরাসা ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মুসলিমুর রহমান বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় আসেনাই। তারা শুধু পরীক্ষার সময় আসে পরীক্ষা দিতে। আমি অভিভাবকদের বলছি ছেলে-মেয়েদের ঠিকমতো মাদরাসায় পাঠাতে। তারা ফরম ফিলাপও করতে চায় না, আমি বাড়ি বাড়ি গিয়ে জোর করে ফরম ফিলাপ করিয়েছি।
ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, এবারের ব্যাচটা একটু খারাপ ছিল। এজন্য এই অবস্থা।
মুসলিমপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মকবুল হোসেন প্রধান বলেন, ছাত্ররা ঠিকমতো বাড়িতে বই পড়েনা। তারা সব সময় মোবাইল ধরে ব্যস্ত আর সাইকেল নিয়ে ঘুরাঘুরি করে। পড়ালেখা ঠিকমত না করার কারণে সবাই ফেল করেছে।
কুড়ালীপাড়া নাসরুল উলুম সিদ্দীকিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট নুর নবী বলেন, আমাদের প্রতিষ্ঠানটি এখনও এমপিও ভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে আমরা কোনরকম মাদরাসাটি ধরে আছি। শিক্ষার্থীরা নিয়মিত আসেনা। অনেকের বিয়ে হয়ে গেছে। বিভিন্ন কারণে ফেল করেছে।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম বলেন, ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেখব কি কারণে শিক্ষার্থীরা ফেল করলো। আমরা এটি উদঘাটন করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সকলকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, যেসব প্রতিষ্ঠানের কেউ পাশ করেনাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী যাতে এ ধরণের সমস্যা না হয়। এজন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

