মিসরকে ২ হাজার বছর পুরোনো কফিন ফেরত দিল বেলজিয়াম

0
101

প্রায় এক দশক আগে ব্রাসেলসে পুলিশ কর্তৃক জব্দকৃত প্রায় দুই হাজার বছরের পুরোনো একটি কফিন মিসরের কাছে ফিরিয়ে দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ। ব্রাসেলসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাচীন ওই কফিনের সঙ্গে একটি কাঠের প্রাচীন দাড়ির টুকরোও মিসরের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ব্রাসেলসের সরকারি কৌঁসুলি জুলিয়ান মুয়েনিল বলেন, ‘দীর্ঘ ১০ বছর তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর এটি তার উৎস দেশে ফিরিয়ে দেওয়া একটি প্রকৃত ন্যায়বিচার। এটি এমন একটি ঐতিহ্যবাহী জিনিস যা ভুলভাবে আত্মসাৎ করা হয়েছিল।’

২০১৫ সালে ইন্টারপোলের জারি করা একটি নোটিশের ভিত্তিতে মিসরের এক আদালতের অনুরোধে বেলজিয়ান পুলিশ এই বস্তু দুটি জব্দ করে। তখন থেকে এগুলো ব্রাসেলসের রয়্যাল মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্টোরিতে সংরক্ষিত ছিল।

এক বিবৃতিতে বলা হয়, কাঠের তৈরি এই কফিন টলেমাইক যুগের (খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ৩য় শতাব্দী) নিদর্শন এবং এটি নিঃসন্দেহে মিশরের অভিজাত শ্রেণির কারও ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যবহৃত উপাদানের নির্বাচন এবং নিখুঁত কারুশিল্প একে অসাধারণ শিল্পকর্ম হিসেবে তুলে ধরেছে।’

কফিনে উৎকীর্ণ হায়ারোগ্লিফিক লিপি থেকে জানা যায়, এর প্রাক্তন অধিবাসীর নাম ছিল ‘পা-দি-হর-পা-খেরেদ’। এতে তাকে মৃতদের দেবতা ওসিরিসের রূপান্তর হিসেবে চিত্রিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here