বৃষ্টির কারণে বদলে গেল বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধের ভেন্যু!

0
96

ঢাকায় দিনভর বৃষ্টির কারণে অনুপযুক্ত হয়ে পড়ে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের ভেন্যু। ফলে দ্বিতীয়ার্ধের খেলা শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয় কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে।

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে তৃষ্ণা রানীর নেওয়া শট ভুটানের গোলরক্ষক ঠেকাতে পারলেও বল গ্লাভসে বন্দী করতে পারেননি। ফিরতি বলে জালে পাঠান শান্তি মার্ডি, যা ম্যাচের একমাত্র গোল হিসেবে জায়গা করে নেয়।

ম্যাচটি যথাসময়ে শুরু হলেও শুরু থেকেই দুই দল কাদামাখা মাঠে ভীষণ ভোগান্তির মধ্য দিয়ে খেলে। ফুটবলারদের জন্য ভারসাম্য রাখা ছিল কঠিন। কেউ শট নিতে গিয়ে পড়ে যান, আবার কেউ নেওয়া শটেই বল কাদায় আটকে পড়ে। মাঠে জমে থাকা পানিতে খেলা হয়ে পড়ে অনুপযোগী।

১৫ মিনিটের বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধ শুরু করা যায়নি। দুই দফায় মাঠ পরিদর্শন করেন ম্যাচ কমিশনার আনসার আসিফ। গ্রাউন্ডসম্যানরা আপ্রাণ চেষ্টা চালালেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত বিকেল ৫টা ৩০ মিনিটে সিদ্ধান্ত নেওয়া হয়—বাকি অংশ কিংস অ্যারেনার মূল মাঠে না চালিয়ে পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। বাফুফে জানিয়েছে, নতুন ভেন্যুতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here